গণতন্ত্র-আলাপ ১৪ : মৈত্রী যাত্রা : পথ ও লক্ষ্য
গত ১৬ই মে ছিল বাংলাদেশের নারীদের জন্যে এক ঐতিহাসিক দিন। এই দিনে, জাতীয় সংসদ ভবনের সামনে "নারীর ডাকে মৈত্রী যাত্রা" ছিল সমাজে বিদ্যমান সব শ্রেণির, বর্গের, জাতির, ধর্মের নারীর প্রতি সব রকমের বিদ্বেষের এক শক্তিশালী প্রতিবাদ। এই যাত্রার উদ্দেশ্য ছিল পিতৃতান্ত্রিক নিপীড়ন, সামাজিক বৈষম্য, এবং নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে প্রতিবাদ জানানো এবং একইসঙ্গে নারী,আদিবাসী, দলিত, ধর্মীয় সংখ্যালঘু ও বৈচিত্র্যময় লিঙ্গের মানুষের অধিকারের পক্ষে একটি শক্তিশালী ঐক্য গড়ে তোলা।
প্রবাসী বাংলাদেশীদের সংগঠন গণতান্ত্রিক বাংলাদেশ নেটওয়ার্ক মৈত্রী যাত্রায় সশরীরে থাকতে না পারলেও, রাজনৈতিক দায়বদ্ধতা ও আদর্শিক সংহতির জায়গা থেকে এই যাত্রার সঙ্গে দৃঢ়ভাবে যুক্ত ছিল। আমরা তাই মৈত্রী যাত্রার অংশগ্রহণকারীদের সঙ্গে আলাপ করব, শুনব তাঁদের অভিজ্ঞতা- আন্দোলনের ভাষা এবং সংহতির গল্প, সেই সাথে আলাপ করবো এর পাল্টা প্রতিক্রিয়া নিয়ে। আলোচনা করব, কীভাবে এই যাত্রা অফলাইন-অনলাইন উভয় পরিসরে নানা ধরনের রাজনৈতিক বিতর্ককে উসকে দিয়েছে।
আমরা নারীর ডাকে মৈত্রী যাত্রার রাজনৈতিক স্বপ্ন এবং তার বাস্তবায়নের পথের বাধাগুলো কিভাবে মোকাবেলা করে একটি নতুন রাজনৈতিক সংহতির পুনর্গঠন করা যায় তা নিয়ে আলাপ করব— যেখানে শুধু নারীর নয়, সকল প্রান্তিক মানুষের কণ্ঠস্বর এবং তাঁদের সম্মিলিত মুক্তির আহ্বান একসঙ্গে প্রতিধ্বনিত হবে।
আলোচকঃ
সামিনা লুৎফা, অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়
নাদিরা ইয়াসমিন, সহকারি অধ্যাপক, নরসিংদী সরকারি কলেজ এবং সম্পাদক, নারী অঙ্গন
মারজিয়া প্রভা, সদস্য, গণতান্ত্রিক অধিকার কমিটি
ডালিয়া চাকমা, লেখক ও উন্নয়নকর্মী
সঞ্চালকঃ
সায়েমা খাতুন, লেখক ও নৃবিজ্ঞানী
সবাইকে আমন্ত্রণ জানাই।