
বাংলাদেশের নারীবাদী আন্দোলন, সংগঠন ও সংকট
বাংলাদেশের নারীবাদী আলোচনায় একটি অনুচ্চারিত অনুমান দীর্ঘদিন ধরে কাজ করে আসছে — নারীবাদ মানেই ধর্মনিরপেক্ষ নারীবাদ, এবং সংগঠিত নারী মানেই সেকুলার রাজনৈতিক পরিসরে সক্রিয় নারী। এই অনুমানের ফলে ইসলামি ছাত্রী সংগঠনের নারীরা যাঁরা প্রতিদিনের জীবনের ভেতর দিয়ে, অনানুষ্ঠানিক বিশ্বাস ও পারস্পরিক যত্নের মধ্য দিয়ে অত্যন্ত কার্যকরভাবে সংগঠিত হচ্ছেন সেটি আমাদের নারীবাদী দৃষ্টিভঙ্গির বাইরে থেকে যাচ্ছেন। এই প্রবন্ধ তাদের রাজনৈতিক অবস্থানের সমর্থন নয়, বরং তাদের সংগঠিত হওয়ার কৌশলগুলো কীভাবে ভিন্ন রাজনৈতিক লক্ষ্যে, ভিন্ন নারীবাদী অবস্থান থেকেও প্রয়োগযোগ্য — সেটি আলোচনা করে। প্রবন্ধটি যুক্তি দেয় যে সেকুলার নারীবাদী সংগঠনগুলো যদি এই মতাদর্শগত পার্থক্য স্বীকার করে এবং সংগঠিত হওয়ার কৌশলগুলো নিজেদের মতো করে আত্মস্থ করতে পারে, তাহলে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এবং তার বাইরেও নারীদের সংগঠিত করার নতুন সম্ভাবনা তৈরি হতে পারে।
